ঈদের প্রাপ্তি
সৈয়দ আহম্মেদ সাদি
এবার ঈদে বাবা দিলেন
একটি নতুন জামা ,
নতুন জুতো পাঠাই দিছে
সিংগাপুরী মামা ।
দুলাভাইটা কিপটে বেশি
দিছে পঞ্চাশ টাকা,
পায়জামা আর পাঞ্জাবিটা
কিনে দিলেন কাকা।
গেঞ্জি একটা কিনে দিছে
মামাতো ভাই সামি,
ঈদ সেলামি দেবে নাকি
পাঁচশো টাকা মামি।
এবার ঈদে সাজিয়ে দেবে
আমায় ছোট ফুপি,
মা জননী পরিয়ে দেবে
মাথায় নতুন টুপি।
এক কাতারে পড়ব নামাজ
ফিরব বাড়ি সোজা,
ঈদের দিনে পড়লে নামাজ
কমবে পাপের বোঝা।
ঈদ এসেছে
যাইদ আল মারুফ
ঈদ এসেছে ঈদ এসেছে
আকাশপুরে চাঁদ হেসেছে
খুশির ঝিলিক গাঁয়;
ফিরনি পায়েস লাচ্ছা সেমাই
রাঁধছে আমার মায়।
রব উঠেছে রব উঠেছে
হাসিখুশির ঝড় উঠেছে
উঠোন বারান্দায়;
খোকাখুকি হেনায় রঙে
আনন্দে গান গাই।
মন দুলেছে মন দুলেছে
ঝগড়াঝাটির ক্ষণ ভুলেছে
খুশির বাতাস বয়;
মিলেমিশে সবার সাথে
ঈদ আনন্দ হয়।
ঈদের চাঁদ
এম আব্দুল হালীম বাচ্ছু
পশ্চিমের ওই আকাশ কোণে
হাসছে ঈদের চাঁদ
খোকাখুকি হেসে খেলে
খুশিতে উন্মাদ!
নেচে গেয়ে বলছে তারা
পরব নতুন জামা
কাল সকালে মিষ্টি নিয়ে
আসবে বাড়ি মামা।
সাদা টুপি মাথায় পরে
ঈদের মাঠে যাব
নামাজ শেষে বাড়ি ফিরে
সেমাই পায়েস খাব।
বাবা মায়ের চোখে মুখে
থাকবে হাসির রেশ
ঈদের চাঁদের হাসির মতো
হাসে যেন দেশ।