মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় ঢাকায় বৃষ্টি

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের দেখা মিলেছে রাজধানীতে। ঝড়ের দমকা হাওয়ার পর নগরে নেমে আসে স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝরেছে শিলাবৃষ্টি। এতে ঈদ শপিংয়ে বের হওয়া এবং ঘরে ফেরা নগরবাসীর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবুও গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার কথা জানিয়েছেন তারা।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখী মৌসুমে মার্চের শেষ পর্যন্ত প্রতিদিনই কমবেশি কোথাও না কোথাও বৃষ্টি ঝরবে।

আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল, মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রথমে শুরু হয় ধূলিঝড়। এরপর ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঝড়ের সময় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে অনেক পথচারী ও যানবাহনকে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এ ছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না।’

এদিকে শাহাবাগ মোড়ে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র সায়েদুল হক নিশান। তিনি দেশ রূপান্তরকে বলেন, বসিলা যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম। এই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। মৌসুমের প্রথম বৃষ্টিতে ভালো লেগেছে।

কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই এই শিলাবৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকাল সকালে ও দুপুরে নওগাঁ, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখী মৌসুমে মার্চের শেষ পর্যন্ত প্রতিদিনই কমবেশি কোথাও না কোথাও বৃষ্টি ঝরবে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে প্রতিদিনই দেশের সবখানে বৃষ্টি নাও ঝরতে পারে।

মার্চের মাঝামাঝি এসে দখিনা বাতাসের প্রভাবে কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, ‘কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই মূলত বৃষ্টি ঝরছে। এ ধরনের পরিস্থিতিতে বৃষ্টির ফোঁটা অনেক ওপরের স্তরে গঠিত হয়। সেখানে তাপমাত্রা কম থাকার কারণে তা শিলায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে।’

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকালও রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। ১৬ ও ১৭ মার্চ সন্ধ্যা থেকে দেশের সব বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পরে সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।