মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর কেওয়ার ইউনিয়নের টরকি এলাকার জুনিয়র স্কুলের পশ্চিম পাশের সড়কের ধারে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় স্থানীয় হারুন নামে এক ব্যক্তির বাড়ির পাশের রাস্তার ধারের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মালিক শনাক্তসহ আরও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।