'এখানে কেউ চ্যারিটি ম্যাচ খেলতে আসেনি'- লিটন দাস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘটে যাওয়া একটি রান আউট ঘটনাকে ঘিরে এখনো চলছে তুমুল আলোচনা। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের সালমান আগাকে রান আউট করার পর বিষয়টি নিয়ে দুই দলে এবং সাবেক ক্রিকেটারদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। তবে বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস এই ঘটনায় সতীর্থ মিরাজের পক্ষেই অবস্থান নিয়েছেন।

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় লিটন বলেন, 'এখানে কেউ চ্যারিটি ম্যাচ খেলতে নামেনি। এটি আন্তর্জাতিক ক্রিকেট এবং নিয়মের মধ্যে থাকলে সেটিকে আউট বলেই ধরা হবে।' তার মতে, এতে খেলোয়াড়সুলভ মনোভাব নষ্ট হয়েছে—এমনটা তিনি মনে করেন না। যদিও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলেন, ঘটনাটি নিয়মের মধ্যেই ছিল, তবে তার মতে ক্রিকেটে খেলোয়াড়সুলভ মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিতেন বলে মন্তব্য করেন। সালমানের ভাষায়, তারা আগে এমন কিছু করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

ম্যাচের প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিটন বলেন, উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং সেই উইকেটে পাকিস্তানকে ২৭৪ রানে আটকে রাখা ইতিবাচক দিক। তার মতে, শুরুতে দ্রুত উইকেট না হারালে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তবে বৃষ্টির কারণে রানরেট হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়। পূর্ণ ৫০ ওভারের ম্যাচ হলে ফল অন্যরকমও হতে পারত বলে মনে করেন তিনি।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের করা ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক শট খেললে বলটি মিরাজের দিকেই আসে। তখন নন-স্ট্রাইক প্রান্তে থাকা সালমান রান নিতে এগিয়ে এসে বলটি মিরাজের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন। পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট ঘোষিত হলে হতাশা নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক।