উত্তর কোরিয়া পূর্ব দিকে অন্তত একটি 'অজানা ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার(১৪ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন বা অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়নি।
জাপান সাগর সংলগ্ন দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরপরই এ ঘটনা ঘটে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উপকূলে থাকা থাড সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন।
এর কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক শান্তি উদ্যোগকে ‘আনাড়ি ও প্রতারণামূলক প্রহসন’ বলে প্রত্যাখ্যান করে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক সম্প্রতি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ‘ভালো’ হবে বলে মনে করেন। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এর আগে গত অক্টোবরে এশিয়া সফরের সময় ট্রাম্প কিম জং উনের সঙ্গে বৈঠকে '১০০ শতাংশ আগ্রহী' বলে মন্তব্য করেছিলেন। তবে এ বিষয়ে তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।
সম্প্রতি কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার করে, তাহলে দুই দেশ 'মিলেমিশে চলতে' পারে।
দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের চেষ্টা চালিয়ে আসছে। তবে শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের পরও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।