জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করেছে। অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। কমিটির সভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের ১ম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন বসবে এবং আগামী ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস-সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে, চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন রয়েছে। এ ছাড়া বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ৯৭টি।