মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সদর আলীর বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত সদর আলী (৪৫) বানিয়াচং উপজেলার মহব্বতখানি গ্রামের বাসিন্দা, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন ।
শনিবার (১৪ মার্চ ) সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা গেছে, সদর আলীর মৃত্যুর খবরে নিহতের পরিবারের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় প্রতিবেশীরা পরিবারটিকে সান্ত্বনা দিতে ভিড় করতে দেখা গেছে।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, ঘটনাটি সম্পর্কে এখনও প্রশাসনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি। তবে বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহত সদর আলী তিন সন্তানের জনক।
১৩ মার্চ রাতে মালদ্বীপের দিঘুরা দ্বীপের একটি বাড়িতে সেহেরির জন্য রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা পাঁচ বাংলাদেশি শ্রমিক আগুনের মধ্যে আটকা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সদর আলীর এক সহকর্মী হাসান মোবাইলে তার পরিবারকে দুর্ঘটনার খবর জানান।