সালমান আগার আউটে কোনো ভুল নেই: বাসিত আলী

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার আউট নিয়ে বিতর্ক থামছে না। ক্রিকেটীয় আইনে সেটা পরিস্কার রান-আউট হলেও অনেকে ‘ক্রিকেটীয় চেতনা’ টেনে আনছেন। তবে এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।‘

অতীতের উদাহরণ টেনে বাসিত আলী বলেছেন, ‘স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে অনেক কথা হয়েছে, যেমন সাকিব এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ঘটনা (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ)। একবার শচীন টেন্ডুলকার শোয়েব আখতারের সাথে ধাক্কা লেগে রান-আউট হয়েছিল, তখন পাকিস্তান বলেছিল সিদ্ধান্ত ঠিক আছে। আজ (গতকাল) সালমান যেভাবে আউট হয়েছে তা ক্রিকেটের আইন অনুযায়ী ঠিক। কিন্তু সে যখন বলটি বোলারের এগিয়ে দিচ্ছিল, তখন তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপ করা উচিত ছিল।’

নিজের বক্তব্যের ব্যখ্যা দিয়ে বাসিত বলেন, ‘তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর আগে অধিনায়ককে জিজ্ঞেস করা উচিত ছিল যে এটি স্পোর্টসম্যান স্পিরিটের পরিপন্থী, তিনি আপিল প্রত্যাহার করবেন কি না। অধিনায়ক যদি সিদ্ধান্ত প্রত্যাহার করতেন তবে সেটাই ভালো হতো। তবে ক্রিকেটার হিসেবে বলব আজ ক্রিকেটের স্পিরিটের প্রতি অবিচার করা হয়েছে। দলের অন্য খেলোয়াড়রা হয়ত মিরাজকে বোঝাতে পারতো। এটি তো কোনো আইসিসি ইভেন্ট নয়, একটি দ্বিপাক্ষিক সিরিজ।’

রান আউটের ওই ঘটনার পর মাঠের ভেতর কিছুটা অপ্রীতিকর অবস্থার তৈরি হয়। মিরাজসহ বেশ কজন ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সালমানের। একপর্যায়ে তিনি লিটনের দিকে তেড়ে যান। ব্যাট, গ্লাভস, হেলমেট ছুড়ে ফেলেন। এ কারণে তাকে শাস্তিও পেতে হয়েছে। সালমানের এই আচরণেরও সমালোচনা করেছেন বাসিত, ‘রাগ সবারই হয়। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা উচিত। রাগ থেকে অনেক ভুল হয়ে যায়। সালমানের হেলমেট ছুঁড়ে ফেলে দেওয়াটা আমার খারাপ লেগেছে।’