ঈদযাত্রায় ট্রেনে মিলবে স্টারলিংকের ফ্রি ইন্টারনেট

বাংলাদেশ রেলওয়েতে এবার যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি। যাত্রীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের উন্নত প্রযুক্তি স্টারলিংকের মাধ্যমে এই সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে এখন থেকে যাত্রীরা চলন্ত ট্রেনেও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে তিনটি আন্তঃনগর ট্রেনে এই সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে সেবাটি পাচ্ছে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসের যাত্রীরা। এসব ট্রেনে ভ্রমণরত যাত্রীরা চলন্ত অবস্থাতেই ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা পাবেন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ট্রেনযাত্রায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় পড়তেন যাত্রীরা। বিশেষ করে দুর্গম এলাকা বা বনাঞ্চল অতিক্রমকালে নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়ায় ইন্টারনেট ব্যবহার করা যেত না। নতুন এই স্যাটেলাইট প্রযুক্তি সরাসরি মহাকাশে অবস্থিত স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে কাজ করায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন চলন্ত যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানায়, এই পরীক্ষামূলক সেবা সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য উচ্চ-চাহিদাসম্পন্ন ও ননস্টপ আন্তঃনগর ট্রেনেও এই স্যাটেলাইট-ভিত্তিক ওয়াই-ফাই সেবা চালু করা হবে। এর ফলে ভ্রমণকালেও অনলাইনে ক্লাস করা, অফিসের কাজ সম্পন্ন করা বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন চলন্ত ট্রেনের যাত্রীরা।