'আমার মাতৃত্বের সুখ শেষ হয়ে গেল। প্রসব ব্যথা তো ব্যথা না, এই ব্যথা আমি কেমনে সইব।' ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মেহেরিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুতে শিশুটির মা নিজ সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন। পাশেই নির্বাক বসেছিলেন শিশুটির পিতা ইমতিয়াজ আহমেদ।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝালকাঠির রাজাপুরের ব্রাক অফিস এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মেহেরিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির বাবা ইমতিয়াজ আহমেদ ও মা আহত হন। ইমতিয়াজ আহমেদ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। তিনি তার মংলার কোস্টগার্ড এর কার্যালয় থেকে ঈদের ছুটিতে নিজের প্রাইভেটকার চালিয়ে ঝালকাঠি হয়ে ভোলার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সড়ক ও জনপথ বিভাগের দিকনির্দেশনা সাইনবোর্ডটি ভেঙে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির মধ্যে থাকা নৌবাহিনীর কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ তার স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যা মেহেরিমা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই বরিশাল নৌবাহিনীর কার্যালয়ে আমরা ঘটনাটি জানিয়েছি। বরিশাল থেকে নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসছে। ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।