ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাের মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।
মামলা সূত্রে জানা যায়, কলেজটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা হট্টগোল সৃষ্টি করে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি গ্রহণ করে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ মোট ৯ জনের নাম উল্লেখসহ এবং আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো মব তৈরি করতে যাননি। তার দাবি, অবৈধভাবে ও মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ছুটির দিনে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। সে কারণে তারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। হরিপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. শরীফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওসি।