সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের কৌশলগত বন্দর এলাকা অবিলম্বে খালি করার জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান।
শনিবার (১৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সংযুক্ত আরব আমিরাতের জনগণকে বিশেষ করে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারির কারণ হিসেবে বলা হয়েছে, এই বন্দর এলাকাগুলো এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাসনিমের খবরে দাবি করা হয়, এসব এলাকায় মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনার মধ্যে লুকিয়ে আছে। ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই স্থাপনাগুলো হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।