হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। যুক্তরাষ্ট্র ওই প্রণালির উপকূলে বোমা ফেলবে আর ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে ক্রমাগত গুলি ছুড়বে।

শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক দেশ, বিশেষত যারা হরমুজ প্রণালি বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালিটি খোলা এবং নিরাপদ থাকে।’

ট্রাম্প বলেন, তিনি আশা করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাবে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির উপকূলে বোমা বর্ষণ করবে এবং ইরানের নৌযান এবং যুদ্ধজাহাজগুলোতে গুলিবর্ষণ করবে।

কোনো দেশ জাহাজ পাঠাতে সম্মত হয়েছে কি না তা জানতে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।