ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল

‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত ফেনী জেলার বিশিষ্টজনরা ছাড়াও রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার (১৪মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম,  সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন ও অধ্যাপক রফিকুস মুনির চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী সমিতি ঢাকার আহ্বায়ক আবদুল্লাহ চৌধুরী ও সদস্যসচিব হুসাইন কাউসার, ফেনী ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি তানভীর আলাদীন, ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, বাংলানিউজের নিউজ এডিটর হুসাইন আজাদসহ সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির নেতারা।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতারের আগে দেওয়া বক্তব্যে ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আসা বিশিষ্টজনরা। এ সময় তারা ফেনীতে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন এবং অবিলম্বে এ বিষয়ে সরকারি পদক্ষেপের দাবি জানান। অনুষ্ঠানে অন্য বক্তারা দেশের স্থিতিশীলতার পাশাপাশি নিজেদের অঞ্চলের উন্নয়নের বিষয়ে জোর দেন।