জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণে বাঁধা দেওয়ার অভিযোগে মো.মোতালেব মিয়া (৩৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব মিয়া ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় মোতালেব মিয়া সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ইউনিয়ন পরিষদ যান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন বলেন, হতদরিদ্রদের মাঝে সরকারি চাল বিতরণে বাঁধা দেওয়ায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।