চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে আটক করে।
শনিবার সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। খুনের ঘটনায় জড়িত তাঁর স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এ দম্পতির একটি শিশুসন্তান রয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জহিরুল ইসলাম স্ত্রী হালিমা আক্তারকে ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর জহিরুল ইসলাম নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহত হালিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।