ইংলিশ প্রিমিয়ার লিগে রূপকথার জন্ম দিলেন ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। শনিবার এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই স্কুলছাত্র। এই জয়ের ফলে লিগ শিরোপার দৌড়ে আর্সেনাল নিজেদের অবস্থান আরও মজবুত করল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্সেনাল প্রথম গোলের দেখা পায়। এভারটন রক্ষণভাগ বেশ জমাট থাকলেও গানারদের মুহুর্মুহু আক্রমণে শেষ পর্যন্ত তারা খেই হারিয়ে ফেলে। সুশৃঙ্খল পাসিং গেমের মাধ্যমে এভারটনের ডিফেন্স চিরে গোলটি আদায় করে নেয় আর্সেনাল, যা সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে আনে।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডাউম্যান এক অবিশ্বাস্য গোল উপহার দেন। নিজেদের অর্ধে বল পেয়ে তিনি এভারটনের দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করেন। এরপর মাঝমাঠ থেকে একাই বল নিয়ে দৌড়ে খালি জালে বল জড়ান। উল্লেখ্য, ওই সময় কর্নার থেকে গোল করার আশায় এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ওপরের দিকে উঠে আসায় পোস্ট ফাঁকা ছিল।
১৬ বছর ৭৩ দিন বয়সী ডাউম্যান সর্বকনিষ্ঠ গোলদাতা প্রিমিয়ার লিগে। আগের রেকর্ড ছিল এভার্টনের জেমস ভনের, যিনি ২০০৫ সালে ১৬ বছর ২৭০ দিন বয়সে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করেছিলেন।
ম্যাক্স ডাউম্যান এখনও স্কুলছাত্র। গত বছর ডিসেম্বরে মাত্র ১৪ বছর বয়সে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা তাকে মূল দলের সাথে অনুশীলনের জন্য ডাকেন। এরপর এশিয়ায় প্রাক-মৌসুম সফরে এসি মিলান ও নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে তিনি সবার নজর কাড়েন। এর আগে গত নভেম্বরে স্লাভিয়া প্রাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বদলি হিসেবে নেমে ইতিহাসের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ খেলোয়াড় (১৫ বছর ৩০৮ দিন) হওয়ার রেকর্ডও গড়েন তিনি।
বয়স ১৮-র নিচে হওয়ায় ডাউম্যানকে প্রিমিয়ার লিগের কঠোর নিয়ম মেনে চলতে হয়। সতীর্থদের সাথে মূল ড্রেসিংরুম ব্যবহার করার অনুমতি নেই তার; অনুশীলনের সময় বা ম্যাচের আগে তাকে আলাদা একটি লকার রুমে কিট পরিবর্তন করতে হয়।
এভারটনের বিপক্ষে এই জয় আর্সেনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লিগের শেষ পর্যায়ে এসে প্রতিটি পয়েন্টই এখন সোনার মতো মূল্যবান। ৩১ ম্যাচে, ৭০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে।