১২ দিনে ১৬ জাহাজ জ্বালানি এসেছে 

মার্চের প্রথম ১২ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পরিশোধিত জ্বালানিপণ্য নিয়ে ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে মার্চের প্রথম ১০ দিনে তিনটি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৮০ হাজার টনেরও বেশি জ্বালানি খালাস করেছে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যখন বিশ্ব জুড়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে, বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে এসব জ্বালানিবাহী জাহাজ দেশে আসছে। মধ্যপ্রাচ্যের এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের একটি বড় অংশ সম্পন্ন হয়।

এদিকে ঈদযাত্রায় স্বস্তি নিশ্চিত করতে সব ধরনের যানবাহনে জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মাধ্যমে গণপরিবহনের জ্বালানি সংকট কিছুটা স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে জ্বালানি সংকটের ঝুঁকি  মোকাবিলায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংকগুলোকে সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছে সরকার। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিষয়টি গুরুত্বসহ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার মতো কিছু পরামর্শ দিয়েছে।