হিলি স্থলবন্দর ঈদে ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

হিলি কাস্টমস সিআ্যন্ড এফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আসন্ন মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী ১৮ মার্চ বুধবার থেকে শুরু করে ২৭ শে মার্চ শুক্রবার পর্যন্ত হিলি শুল্ক স্টেশনে সিআ্যন্ডএফ এজেন্টদের সব কার্যক্রম বন্ধ থাকবে। সংগঠনের বৈঠকে সর্বসম্মতিক্রমে কার্যক্রম বন্ধের এই সিন্ধান্ত গৃহিত হয়। এতে করে ওই সময়ে বন্দর দিয়ে দুদেশের মাছে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পত্র মারফত সেই বিষয়টি ভারতীয় রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। ১০ দিন বন্ধের পর আগামী ২৮ শে মার্চ শনিবার থেকে পুনরায় হিলি শুল্ক স্টেশনে সিআ্যন্ডএফ এজেন্টদের সব কার্যক্রম পুনরায় শুরু হবে। এতে করে ওই দিন থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।