আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও সোনার দাম কমছে। টানা তিনদিন ধরেই স্থানীয় বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এরই ধারাবাহিকতায় গতকাল ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
বাজুসের তথ্য বলছে, এর আগে গত শুক্রবার সকালে ভালো মানের প্রতিভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। তার আগের দিনও কমানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা। তিন দিনে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৮ হাজার টাকার বেশি।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১৩৭ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে গত শুক্রবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩১০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।