মেধা আছে কিন্তু সাধ্য নেই—এমন হাজারো তরুণের স্বপ্ন নীল আকাশে ডানা মেলা। শৈশবে অনেকেরই স্বপ্ন থাকে পাইলট হওয়ার, কিন্তু আকাশচুম্বী খরচ আর সঠিক নির্দেশনার অভাবে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মেধাবী তরুণদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবারও শুরু করেছে তাদের বহুল আলোচিত ‘ক্যাডেট পাইলট’ নিয়োগ কার্যক্রম। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং এভিয়েশন খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিগত ১২ বছর ধরে বাংলাদেশে বিমান পরিবহন শিল্পে নেতৃত্ব দিচ্ছে ইউএস-বাংলা। বর্তমানে তাদের বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই বহরে আরও ৪টি এয়ারবাস ও এটিআর যুক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পাইলট সংকট মোকাবিলা এবং নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি হিসেবে ইউএস-বাংলা নিজ উদ্যোগে মেধাবীদের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পাইলট তৈরির এই পরিকল্পনা হাতে নিয়েছে।
নির্বাচিত ক্যাডেটদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামী ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীরা সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে ‘ট্রেইনি ফার্স্ট অফিসার’ হিসেবে নিয়োগ পাবেন, যা একজন চাকরিপ্রার্থীর জন্য এক অনন্য ক্যারিয়ার গড়ার সুযোগ।
এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৫.০০ (গোল্ডেন না হলেও চলবে, তবে শর্তসাপেক্ষ) পেতে হবে। বিশেষ করে ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞানে ভালো জিপিএ থাকা বাধ্যতামূলক। ইংরেজি ভাষায় পারদর্শিতা এক্ষেত্রে বড় যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়া উচ্চতার ক্ষেত্রে ছেলেদের সর্বনিম্ন ১৬৮ সেমি এবং মেয়েদের ১৬৪ সেমি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ এবং প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
ক্যাডেট পাইলট নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা অবলম্বন করা হবে। আবেদনকারীদের আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল এবং ভাইভার মুখোমুখি হতে হবে। উল্লেখ্য যে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট www.usbair.comএর ক্যারিয়ার পেজে গিয়ে আবেদন করতে হবে।