ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রবিবার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কৃষকদল নেতা তরু মুন্সি হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। আসামিরা হত্যার ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি মুকুল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহজালালীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা।
গত ১৩ মার্চ সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হওয়য়ি তাকে ঢাকায় রেফার্ড করা হয়। রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত তরু গান্না ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।