নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে খাবার কিনে খায়। পরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আবদুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতাল রিপোর্টে কাজ চলছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।