পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম উপহার দিয়েছেন শতরানের উদ্বোধনী জুটি। ব্যাট হাতে বিস্ফোরক তানজিদের বিপরীতে সাইফ ছিলেন ধীরগতির। ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব থাকলেও তানজিদকে তিনি সঙ্গ দিয়ে গেছেন। তার বিদায়েই ভেঙেছে দারুণ এই জুটি।
আজ রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ। ৪৭ বলে ৩ চার এবং ৪ ছক্কায় তুলে নেন চলতি সিরিজে নিজের তৃতীয় এবং ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি। ৯ ওভারে পঞ্চাশ ছোঁয়া বাংলাদেশের স্কোর ১৭.৪ ওভারে পৌঁছে যায় তিন অংকে।
১৯তম ওভারে এসে সাফল্যের দেখা পায় পাকিস্তান। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির করা ওভারের প্রথম বলটি ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়েছিলেন সাইফ। কিন্তু বল গিয়ে আঘাত করে তার স্টাম্পে। ৫৫ বলে ৩ চার ৩৬ রান করে ফেরেন সাইফ। ভাঙে ১০৫ রানের ওপেনিং জুটি। তিন অংকের পথে ছুটতে থাকা তানজিদের সঙ্গী হয়েছেন নাজমুল হোসেন শান্ত।