শেরপুরের নকলায় ছুরিকাঘাতে কলিজা বের করে ফেলা আহত কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সে মারা যায়।
মৃত সজীব (১৪) উপজেলার বিবিরচর গ্রামের মো. ফারহান উদ্দিনের ছেলে।
সজীবের বাবা মো.ফারহান উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে সজীবের মরদেহ হস্তান্তর করা হলে বাড়িতে নিয়ে যাবো।
এ বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, আমাকে সজীবের বাবা মামলার বাদী ফরহাদ উদ্দিন শনিবার বিকেলে ফোন দিয়ে সজীবের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।
বিবিরচরের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাত রাহাতের (১৯) সঙ্গে সজীবের সখ্য ছিল। তিন দিন আগে একটি মোবাইল ফোন নিয়ে দুইজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। এরপর গত ১০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে তাকে ডেকে নিয়ে যায় রাহাত। প্রথমে গৌরদ্বার পরিষদের কাছে নিয়ে নেশাদ্রব্য খাওয়ায়। তারপর নকলা বাইপাস এলাকায় নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে বুক চিরে কলিজা বের করে ফেলে। এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে ফেলে চলে যায় রাহাত। স্থানীয়রা আহত সজীবকে দেখে থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।