পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রবিবার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতোমধ্যে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। তবে বিভিন্ন ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ঈদের বন্ধ শেষে মঙ্গলবার ২৪ মার্চ প্রচলিত নিয়েমে খোলা থাকবে এবং পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ওই দিনই সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে।