জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রতি সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত খোজিন প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সুদীর্ঘ ও স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ নানা ক্ষেত্রে এই অংশীদারিত্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে তার দেশের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৈঠকের একটি গুরুত্বপূর্ণ অংশে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন কামনা করেন।
আলোচনায় উভয়পক্ষ দুই দেশের মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।