অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান ১৭ দিনে আট কোটি টাকার বই বিক্রি করেছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, এই হিসাব অনুযায়ী ১৪ মার্চ পর্যন্ত মেলায় অংশ নেওয়া ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ১৭ কোটি টাকা।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা তার প্রতিবেদনে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, মোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বাকি ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে ২৬৯টি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী এই ১৭ দিনে আট কোটি টাকার বই বিক্রি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে বেশি সংখ্যক ইউনিট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের চেয়ে কম সংখ্যক ইউনিট পাওয়া প্রতিষ্ঠানের বই বিক্রি বেশি হয়েছে।
তথ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, এবারের মেলায় ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১ হাজার ৭৭১টি নতুন বই এসেছে। তবে সব প্রকাশনা প্রতিষ্ঠান তথ্যকেন্দ্রে বই জমা না দেওয়ায় প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধন করা মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২টি।
রবিবার (১৫ মার্চ) বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ৮ জন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।