অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের নামে গ্রাহকদের টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির হিসাবগুলোতে বর্তমানে ৪ কোটি ১০ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৫ মার্চ) সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ‘এফইবিডি লিমিটেড (ফ্লাইট এক্সপার্ট)’ নামের প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের নামে ২০টি ব্যাংক হিসাবে অগ্রিম টাকা গ্রহণ করে। কিন্তু গ্রাহকদের টিকিট প্রদান না করে সেই অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। ২০২৫ সালের ২ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার অফিস বন্ধ করে কানাডায় পালিয়ে যান।
তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক জহির রায়হান আবেদনে উল্লেখ করেন, হিসাব পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন গ্রাহক ও সাব-এজেন্সি বিভিন্ন সময়ে এসব হিসাবে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছে। বর্তমানে হিসাবগুলোতে ৪ কোটি ১০ লাখ টাকা জমা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি। তা না হলে হিসাবের টাকা অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, অনলাইনে বিমানের টিকিট বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগী গ্রাহকরা আইনি ব্যবস্থা নেন।