নারায়ণগঞ্জ শহরে রেলওয়ে পুলিশের এক এসআই ও তার সোর্সকে মারধোরের অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। রবিবার (১৫মার্চ) বিকেল পাচঁটার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন এসআই মিজান তার এক সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করছিলো। এসময় ওই দুই যুবকের চিৎকারে আশেপাশের লোকজন এসে এসআই মিজানসহ তার সোর্সকে আটক করে। এসময় তাদের পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র্যাবের লোক বলে পরিচয় দেয়। তখন স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে না পারায় ভুয়া পুলিশ বলে তাদের মারধর শুরু করেন। এতে ওই পুলিশ কর্মকর্তার জামাকাপড় ছিড়ে যায়। তিনি দৌড়ে পালিয়ে যান।
আটক হোসিয়ারী কর্মচারী রমজান জানান, কেনাকাটা করার জন্য তারা দুজন মার্কেটে এসেছিলেন। ঘোরাঘুরি করার সময় পুলিশ হঠাৎ কোনো কারণ ছাড়াই তাদের দুজনকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করেন। তখন স্থানীয় থান কাপড়ের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আমাদের রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় পুলিশের সোর্স নিজেকে র্যাবের লোক বলে পরিচয় দিলে স্থানীয় লোকজন র্যাবের কর্মকর্তাকে ফোন দিতে বলেন। তখন তিনি কোন কর্মকর্তার নাম্বারে ফোন দিতে পারেননি। পরে তাদের মারধর করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে কাপড়ের মার্কেটের সামনে মারধরে কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে, কেনো এমন ঘটনা ঘটেছে তা সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।