ঈদে এক ডজনেরও বেশি নাটকে মোশাররফ করিম

মাঝখানে কয়েকটি ঈদে অন্যান্য ব্যস্ততার কারণে নাটকে কম উপস্থিতি থাকলেও এবার সেই আগের ছন্দে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবারের ঈদে এক ডজনেরও বেশি নাটক-টেলিফিল্মে দেখা যাবে তাকে। প্রত্যেকটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। এসব নাটক প্রচার হবে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে। এরমধ্যে ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘আদু ভাই’, বর্ণনাথের ‘সোনার চেইন’, রাকেশ বসুর ‘মোতালেব জাদুকর-২’, সাইফ আহমেদের ‘বউ প্যারা দেয়’সহ ডজনখানেক নাটকে তাকে দেখা যাবে। এসব নাটকে বিশেষ চমক রয়েছে বলে মন্তব্য করেছেন মোশাররফ করিম।

আরটিভিতেই প্রচারিত হবে মোশাররফ করিমের এক হালি নাটক। ঈদের দিন রাত সাড়ে ৯টায় দেখা যাবে নাটক ‘চেয়ারম্যানের বিয়ে’। আসাদুজ্জামানের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ এবং বিপরীতে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।  ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটি প্রচার করবে নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’। শামীম সিকদারের রচনা এবং সোহেল হাসানের পরিচালনায় নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে এই অভিনেতার ‘জামাই বউ ট্রেনিং সেন্টার’ শিরোনামের একটি নাটক। এতে তানিয়া বৃষ্টিকে দেখা যাবে মোশাররফের বিপরীতে। এটি পরিচালনা করেছেন  মহসিন আকাশ। এছাড়া দীপ্ত টিভির জন্য মোশাররফকে নিয়ে অভিনেতা ও পরিচালক শামীম জামান নির্মাণ করলেন নাটক ‘কিপ্টে কারে কয়’। অনামিকা ম-লের রচনায় কমেডি ঘরানার এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। সবগুলো নাটকই দর্শককে ঈদের বাড়তি বিনোদন জোগাবে বলে জানিয়েছেন মোশাররফ করিম।