পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের জয় পেয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে আজকের রোমাঞ্চকর ম্যাচে সাহসী লড়াই করে ১১ রানে জয় পাওয়ার মাধ্যমে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা প্রমাণ করেছে— ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি থেকেও জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের এ নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ ক্রিকেটারদের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।