ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ঝুঁকির একটি বড় শিক্ষা হয়ে উঠেছে। জাতিসংঘের জলবায়ু প্রধানের মতে, এই পরিস্থিতি রাষ্ট্র সরকারদের তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির দিকে যাওয়ার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারক ও মন্ত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে এ কথা বলেন জাতিসংঘের
জলবায়ু সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টিল। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে এবং দেশগুলোকে বাড়তি খরচ ও নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের সংকট থেকে ভৌগোলিকভাবে দূরে থাকলেও এর প্রভাব পড়েছে ইউরোপীয় ইউনিয়নের এর ওপর। ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
স্টিল সতর্ক করে বলেন, ইউরোপ বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম যেটি সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন তার তেলের ৯০ শতাংশের বেশি এবং গ্যাসের প্রায় ৮০ শতাংশ আমদানি করে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব থেকে ভোক্তাদের রক্ষা করতে এবং ২০২২ সালের জ্বালানি সংকটের পুনরাবৃত্তি এড়াতে জরুরি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় নেতারা। সে সময় রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিলে ইউরোপে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
দীর্ঘমেয়াদে ইউরোপীয় কমিশন বলছে, জলবায়ু মোকাবেলার অংশ হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে স্থানীয়ভাবে উৎপাদিত নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানির ব্যবহার বাড়ালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং অস্থির জ্বালানি দামের ওপর নির্ভরতা কমবে।
তবে ইতালি ও হাঙ্গেরিসহ কয়েকটি দেশ শিল্পখাতের স্বল্পমেয়াদি ব্যয় কমাতে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিমালা কিছুটা শিথিল করার আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে স্টিল বলেন, এমন সিদ্ধান্ত 'সম্পূর্ণ বিভ্রান্তিকর' হবে। তার মতে, বায়ু ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলেই সস্তা বিদ্যুৎ, পরিচ্ছন্ন প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থান এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা ইউরোপকে বারবার সংকটের মুখে ফেলবে। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি সেই পরিস্থিতি বদলে দিতে পারে। কারণ সূর্যের আলো কোনো সংকীর্ণ বা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়।