প্রতি ঈদের মতো এবারও দর্শককে বিশেষ বিনোদন দিতে বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গতবারেরর মতো এবারও অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার সঙ্গে থাকবেন হাল সময়ের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। এটাই সাজ্জাদর প্রথম উপস্থাপনা।
বিটিভিতে ঈদের ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবারেরর আনন্দমেলার অন্যতম আকর্ষণ তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও লোকগানের সঙ্গে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে। সঙ্গীত পরিবেশনায় থাকছেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং চিরকুট ব্যান্ড।
এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসঙ্গীতে রমজানের ঐ রোজার শেষে, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।