প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই: শিরিন

'আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই' দায়িত্ব গ্রহণের আগেই এই কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করলেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় নগর অডিটোরিয়াম ভবন চত্বরে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নতুন প্রশাসক বলেন, 'সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি কর্পোরেশন গড়তে চাই। তবে এজন্য সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। 'তিনি জানান, এই লক্ষ্য পূরণে সকলের সম্মিলিত সহযোগিতাই তার মূল ভরসা। 

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।

সুধী সমাবেশ শেষে নিজ কার্যালয়ে সিটি কর্পোরেশনের আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাবের সিও এবং বিএনপির জেলা ও মহানগর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।