আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত পূর্বপ্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮১টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা। পশ্চিমপ্রান্ত দিয়ে ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয়পাশেই মোটরসাইকেল পারাপারের জন্য আলাদাভাবে ২টি করে বুথ নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিদিন যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে ঈদযাত্রায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ কিংবা কখনও তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।