চারদিন ধরে নিখোঁজ কলেজছাত্রী, উৎকণ্ঠায় পরিবার

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আফরিন (১৯) নামে এক কলেজছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছে না। মেয়ের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবারের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

খোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার বাসিন্দা মো. আব্দুল সালামের মেয়ে। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে বদরুল আলমের সঙ্গে।

পরিবারের সদস্যরা জানান, গত ১২ মার্চ সামিয়া বাড়ি থেকে বের হন। তবে তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়ে কাউকে কিছু জানাননি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

স্বজনরা জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস এবং মাথায় ওড়না।

সামিয়ার ভাই সালেকিন বলেন, চারদিন ধরে আমরা বোনের কোনো খোঁজ পাচ্ছি না। সে কোথায় আছে বা কেমন আছে তা নিয়েও আমরা কিছুই জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, পুলিশ দ্রুতই জরুরি ব্যবস্থা নেবে।

এদিকে কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করেছে তার পরিবার। এই ০১৬০৮-৪৮৭০১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পরিবারের সদস্যরা।