কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আজ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা শুরু হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, নীতি–নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে সিটি কর্পোরেশন পরিচালনা করতে চান তিনি। অতীতে প্রতিষ্ঠানটি দুর্নীতির কারণে সমালোচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে এটিকে নগরবাসীর সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
নতুন প্রশাসক বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।’ তিনি দল–মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারা দুর্নীতিতে জড়িত, তাদের হয় দুর্নীতি ছেড়ে দিতে হবে, না হলে কুমিল্লা সিটি কর্পোরেশন ছেড়ে যেতে হবে।’
ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, তার রাজনৈতিক নেতা তারেক রহমান দেশের দুর্নীতি দূর করার যে লক্ষ্য ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে তিনি কাজ করবেন।
তিনি জানান, মঙ্গলবার থেকে নগরের যানজট কমাতে উদ্যোগ নেওয়া হবে। সামনে ঈদকে ঘিরে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতাসহ নগরের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক অতিরিক্ত সচিব শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।