ভোটের কালির দাগ ওঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের দাগ আঙুল থেকে উঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ময়মনসিংহের বাঁশাটি ইউনিয়নে সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে বাদে কলমোহনা পর্যন্ত ৫.৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যোগ করেন তিনি।

তিনি আরও জানান, সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে। এ ছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত পাইলট প্রকল্পও চলমান রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী খাল খনন কাজের নামফলক উন্মোচন করেন। পরে তিনি খালপাড়ে বৃক্ষরোপণ করেন এবং পাঁচ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত অতিথিরা প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মুক্তাগাছা উপজেলার সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, বাঁশাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পিআইও সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।