রাজশাহী রেঞ্জের ডিআইজিকে উকিল নোটিশ 

জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) নিয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) মোহাম্মদ শাহাজাহানের নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার আইন ও সালিস কেন্দ্রের (আসক) পক্ষে তার উদ্দেশ্যে এ নোটিশ পাঠান দুই আইনজীবী সৈয়দা নাসরিন।

নোটিশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যত্যয় হলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ডিআইজি শাহজাহানের দেওয়া ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করা, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসপি) এই নির্দেশনা দেন ডিআইজি শাহজাহান।

অ্যাডভোকেট নাসরিন দেশ রূপান্তরকে বলেন, ‘এ ধরনের নির্দেশনা দিয়ে তিনি (ডিআইজি শাহজাহান) একটি রাজনৈতিক দলকে সহযোগিতা করতে চাইছেন, আর অন্য একটি দলকে ইঙ্গিত করতে চাইছেন যে, তাদের ছাড়বেন না।’

আইনজীবী বলেন, ‘কোন আইনে কোন ক্ষমতাবলে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বোধগম্য নয়। একজন জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর উনি বলার কে? সংশ্লিষ্ট মামলায় আসামির সংশ্লিষ্টতা না থাকে উনি তো এটা ঢালাও বলতে পারেন না।’