এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। বরাবরের মতেই ঈদের ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। গত তিন দশক ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে। এবারে এই গানটি পরিবেশন করবেন ঘর থেকেও যাদের ঘর নেই। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এবারের ঈদের গানটিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইত্যাদির চমকানো একটি পর্ব হচ্ছে সাবিনা ইয়াসমিন, মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপের কণ্ঠে দেশাত্মবোধক গান। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি।
এবারের ঈদের বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈত সংগীত। চিত্রনায়িকা শবনম বুবলী এবং সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। পাশাপাশি রয়েছে চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে একদল নৃত্যশিল্পীর নাচ। অসাধারণ নৃত্যমুদ্রা ও নৃত্যছন্দ, আনন্দের পাশাপাশি সবাইকে বিস্মিত করবে। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের ঈদে নানা শ্রেণি ও বিত্তের ঈদ কেনাকাটার সমস্যা নিয়ে থাকবে তিনটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন দেশের তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী এবং তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮ টার বাংলা সংবাদের পর।