ঈদের আনন্দের পাশাপাশি কিছু অসুখের আশঙ্কা দেখা দেয়। এর অন্যতম কারণ হলো প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে বাড়ি যাওয়ার ধকল। এই ভ্রমণের ধকল সামলে উঠতে শিশু বৃদ্ধ এবং অসুস্থ লোকদের বেশ কষ্ট হয়ে যায়। এই সময়ে যেসব সমস্যা দেখা দিতে পারে
আবহাওয়া পরিবর্তনজনিত জ্বর
জ্বর, মাথাব্যথা, নাক বন্ধ, হালকা থেকে তীব্র কাশি নিয়ে আসতে পারে। বেশি ছোটদের বেলায় হঠাৎ খাওয়া-দাওয়া ছেড়ে দেওয়া, নাক দিয়ে পানি পড়তে পারে। আমরা যদি চারদিকে তাকাই তাহলে দেখতে পাব হয়তো বড়দের কেউ এই জ্বর বা সর্দি-কাশিতে আক্রান্ত। তারাই কিন্তু যারা ঝুঁকিপূর্ণ মানে পরিবারের শিশু এবং বড়দের মধ্যে এই রোগ ছড়িয়ে দিতে পারে। যেহেতু এই ঈদে আমরা অনেকেই নিজ বাড়িতে বা গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি, তাই, যাত্রাপথে সম্ভব হলে মাস্ক ব্যবহার করুন এবং পরিবারের কেউ এই ধরনের জ্বর ও ঠা-া-কাশিতে আক্রান্ত থাকলে পরিবারের বয়স্ক এবং ছোটদের থেকে দূরে থাকবেন।
এই সময় ভাইরাল ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ে। বারবার পায়খানা পাতলা হওয়া, বমি হয়ে বাচ্চা পানিশূন্যতায় পড়তে পারে। আবার এই ঈদে ব্যস্ততার কারণে বা যাত্রাপথে যদি খাবার ঠিক না থাকে বা নষ্ট হয়ে যায়, সেটা খেলেও কিন্তু বাচ্চাদের বমি বা পাতলা পায়খানা, ফুড পয়জনিং হতে পারে। এক্ষেত্রেও বাচ্চা পানিশূন্যতায় পড়তে পারে তাই খাবার খাওয়ানোর আগে খাবারটি ঠিক আছে কি না সেটি দেখে নিতে হবে। আবার বাচ্চাদের কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে রক্ত আমাশয় হতে পারে। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। পথের ভ্রমণে আমরা যেন খোলা খাবার না খেয়ে থাকি। চকলেট, চিপস, জুস, কোমল পানীয়, আইসক্রিম, শিঙাড়া, মিষ্টি এই জাতীয় খাবারগুলো শিশুদের খেতে দেওয়া থেকে বিরত থাকি।
তাই ঈদের আমেজে যেন এই ব্যাপারগুলোও আমরা খেয়াল রাখি।
সতর্কতা
বাচ্চাদের প্রচুর পানি খাওয়াতে হবে।
ঘামতে দেওয়া যাবে না।
খোলামেলা কাপড় পরিধান করতে হবে।
যাত্রাপথে কাপড় যেন স্বস্তিদায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রয়োজনীয় কিছু ওষুধ যেমন জ্বরের ওষুধ, খাবার স্যালাইন ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সর্বোপরি সবার ঈদ কাটুক আনন্দে এবং সুস্বাস্থ্যে। ঈদযাত্রা হোক শান্তিপূর্ণ, নিরাপদ।
ঈদযাত্রার এই আনন্দ সামান্য কোনো দুর্ঘটনায় যেন বিষাদে পরিণত না হয়। ঈদের আনন্দকে পরিবারের সঙ্গে পুরোপুরি উপভোগ করে আমরা যেন কর্মক্ষেত্রে ফিরে এসে পূর্ণোদ্যমে কাজ করতে পারি।