আরও পাঁচ বছরের জন্য স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে হারিয়ে নিজের চতুর্থ মেয়াদে বার্সার দায়িত্ব নিলেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।
ভোটে বার্সেলোনার ১ লাখ ১৪ হাজার ৫০৪ জন সদস্যের মধ্যে প্রায় ৪২.৩৪ শতাংশ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৮,৪৮০ জন ভোটারের মধ্যে লাপোর্তা পেয়েছেন ৩২,৯৩৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন মাত্র ১৪,৩৮৫ ভোট।
এর আগে ২০২১ সালে ৩০ হাজার ১৮৪ ভোট (৫৪.২৮%) পেয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন লাপোর্তা। আর প্রথম দফায় ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতি ছিলেন তিনি।
এবারের নির্বাচনে শুধু ক্লাব সদস্যরাই নন, অংশ নিয়েছেন কোচ হানসি ফ্লিক এবং বর্তমান স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও। রবিবার সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলের জয়ের পর পাউ কুবারসি, দানি ওলমো, রাফিনহা, গাভি এবং আরাউজোদের মতো তারকারা ভোটকেন্দ্রে এসে লাপোর্তার প্রতি সমর্থন জানান। তবে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বর্তমানে জিরোনায় ধারে খেলা বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি। জানা গেছে, ক্লাবে যোগ দেওয়ার পর মেম্বারশিপ আপডেট না করার কারণেই এই প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।