র‌্যাব-পুলিশের শীর্ষপদে বড় রদবদল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সিআইডি ও এসবিসহ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে এখনো কাউকে পদায়ন করা হয়নি। এ নিয়ে পুলিশে ব্যাপক আলোচনা চলছে।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওইসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ। সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরের বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামে মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান শওকত আলীকে চট্টগ্রামে মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

অবসরে গেলেন র‌্যাব মহাপরিচালক ও এসবিপ্রধান : র‌্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি গ্রেড-১) একেএম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি (গ্রেড-১) মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে গতকাল অবসরে গেলেন। গত রবিবার ছিল তাদের শেষ কর্মজীবন। তাদের অবসর উপলক্ষে গতকাল সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত আইজি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিদায়ী কর্মকর্তারা তাদের বক্তব্যে জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তারা অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তারা পুলিশের উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। একেএম শহিদুর রহমান ও গোলাম রসুল দুজনই ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।