শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এ পদে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাসই বজায় রাখা হবে।
গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। তবে এটি একমাত্র মানদণ্ড নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য বিষয়ও বিবেচনা করা হবে। সরকার চায়, এই কাঠামোর উচ্চপর্যায়ে শুধু যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই আসুক। দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ নিয়ম প্রযোজ্য হবে বলে, তিনি জানান।
পূর্ববর্তী সরকারের সময়কার বিধানের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, তখন শুধু সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হয়েই কমিটিতে সুযোগ সীমাবদ্ধ ছিল। এতে অনেক সময় নেপোটিজম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠত এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।