উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় পরশ মিয়া ব্যাপারী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা জামাল হোসেন জানান, পরশ মিয়া দিনমজুরের কাজ করতেন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত পরশ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মধ্যনগর এলাকায়। তার বাবার নাম হামিদ ব্যাপারী। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।