ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন সানি

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানি। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা-১৭ আসনে প্রতিনিধি নিয়োগের কথা জানানো হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। পরে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

গতকাল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের (ঢাকা-১৭) জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানিকে এই আসনের প্রতিনিধি নিয়োগ দেওয়া হলো।’

গত ১০ মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির প্রথম দিনে তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তির ১৫ হাজার অতিদরিদ্র নারীর হাতে এই কার্ড তুলে দেন। এদিন অনুষ্ঠানস্থলে এসে মঞ্চে না উঠে সরাসরি চলে যান পূর্বকোণে যেখানে সাধারণ বস্তিবাসী হাজির ছিলেন। সেখানে সানিকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন সানি আপনাদের বিষয়গুলো দেখবেন। পাশাপাশি কড়াইল বস্তিসহ ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে কাজ করে আসছিলেন সানি। এবার সরকারিভাবে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে।