মাহদী আমিন বললেন

তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের উদ্যোগ

সরকার তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। গতকাল রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারভিত্তিক শিক্ষা খাতের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে পুনরায় পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে।

‘অতীতে কোনো সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ইশতেহার বাস্তবায়নে এভাবে উদ্যোগ নিতে পারেনি। তবে বর্তমান সরকার ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খননসহ ইশতেহারে উল্লেখিত বিভিন্ন বিষয়ে কাজ শুরু করেছে। তাই শিক্ষা খাতেও একইভাবে পদক্ষেপ নেওয়া হবে’ বলে জানান মাহদী আমিন। ‘শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও নজর দেওয়া হবে’, যোগ করেন উপদেষ্টা।

আলোচনা সভায় রাশেদা কে চৌধুরী বলেন, কারিকুলামে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াশিক্ষাও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থা বাতিলের আগে বিষয়টি নিয়ে আরও গবেষণা ও জরিপ করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা উচিত বলেও উল্লেখ করেন।