যমুনা সেতুতে এক দিনে ২ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

সেতু কর্র্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত পূর্ব প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮১টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘœ রাখতে সেতুর দুই প্রান্তে ৯টি করে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয় পাশেই মোটরসাইকেল পারাপারের জন্য আলাদাভাবে দুটি করে বুথ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিদিন যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু কর্র্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।