রাঙ্গামাটিতে ২০ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিল সেনাবাহিনী

রাঙ্গামাটিতে সেনবাহিনীর উদ্যোগে অসহায় ২০ পরিবারকে নতুন ঘর, ৫টি জরাজীর্ণ ঘর সংস্কার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও জুরাছড়ি জোনের উদ্যোগে উপজেলার অসহায় ও গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক নবনির্মিত ও সংস্কারকৃত ঘরসমূহ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করে। এ সময় আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এলাকার হেডম্যান, কার্বারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেনাবাহিনী থেকে জানানো হয়, ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর) এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে ২০টি অসহায় পরিবারের জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ এবং পাঁচটি পরিবারের পুরনো জরাজীর্ণ ঘর সংস্কার, প্রতিটি ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়াও স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সমতলের তুলনায় এই অঞ্চল অনেক পিছিয়ে আছে। এই এলাকার উন্নয়ন হলে পার্থক্য কমে আসলে এলাকার উন্নয়ন হবে। তার জন্য ছেলে মেয়েদের শিক্ষিত হতে হবে। তারাই একদিন এই এলাকার উন্নয়নে কাজ করবে।

নতুন ঘর পেয়ে উপকারভোগী অসহায় ও প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে স্বস্তি, আনন্দ ও নতুন আশার সঞ্চার হয়েছে। তারা এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।